ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : May 24, 2026 ইং
অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রী তারেক রহমান
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল ত্রিশাল উপজেলার কানহর ধরার খাল পুনঃখননকাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ক্ষমতায় বসিয়েছে। এটি সহ্য করতে না পেরে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা কৃষক, খাল খনন কিংবা কর্মসংস্থানের কথা না বলে শুধু অরাজকতা সৃষ্টি করতে চায়।”

তিনি আরও বলেন, “দেশে যারা বিশৃঙ্খলা করছে, তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের আঁতাত রয়েছে। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও সাধারণ মানুষ।”

রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে

রাজধানীর পল্লবী এলাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী এটিকে “অত্যন্ত হৃদয়বিদারক” ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, “কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। সরকার কোনোভাবেই শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না।”

তিনি জানান, রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তার ভাষায়, “সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।”

খাল পুনঃখননে উপকৃত হবে লাখো কৃষক

জনসভায় প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালের খননকাজ উদ্বোধন করেছিলেন। পরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা নানা সমস্যার মুখে পড়েন।

তিনি জানান, কানহর ধরার খাল পুনঃখননের ফলে জেলার প্রায় ৪ লাখ ৩ হাজার কৃষক এবং আশপাশের প্রায় ২০ হাজার মানুষ উপকৃত হবেন। ময়মনসিংহ জেলায় প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে।”

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও শিক্ষার্থীদের সহায়তা

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “সরকার গঠন করলে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রাথমিক শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেওয়া হবে।”

তিনি আরও জানান, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রমও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

নজরুল জয়ন্তীতে জাতীয় আয়োজন

এদিন কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রায় দুই দশক পর রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন করতে পেরে সরকার গর্ববোধ করছে।

তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের যথাযথ সম্মান জানাতে না পারলে সেটি জাতি হিসেবে আমাদের দৈন্যতার পরিচয় বহন করে।”

প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১৯৭৬ সালে জাতীয় কবির জানাজায় জিয়াউর রহমান অংশ নিয়েছিলেন এবং ১৯৭৯ সালে নজরুল জন্মজয়ন্তীর র‌্যালিতেও উপস্থিত ছিলেন। এছাড়া খালেদা জিয়া ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এতে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ স্থানীয় নেতারা।


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hossain

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Iqbal Hossain

Iqbal Hossain

অচেনা নম্বর থেকে ফোন: যেভাবে স্ক্যামারদের হাতে পৌঁছে যাচ্ছে

অচেনা নম্বর থেকে ফোন: যেভাবে স্ক্যামারদের হাতে পৌঁছে যাচ্ছে

ad300