ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ

১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ‘টাইম’র

  • প্রকাশের সময় : Apr 15, 2026 ইং
১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ‘টাইম’র ছবির ক্যাপশন: সংগৃহিত
ad728

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার টাইমের ওয়েবসাইটে এ তালিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ‘লিডার’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তারেক রহমান।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তা তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটান। পরে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবারও রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থানে ফিরে আসেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের ক্ষমতার সমীকরণে বড় ধরনের রদবদল আসে। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে বিরোধীদলীয় রাজনীতির একজন কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতা হিসেবে সামনে নিয়ে আসে।

প্রায় ১৭ বছর দেশ থেকে বিচ্ছিন্ন থাকার পর তিনি রাজনৈতিকভাবে আরও সংগঠিতভাবে সক্রিয় হন এবং একটি বড় নির্বাচনী সাফল্যের মাধ্যমে তার অবস্থান শক্তিশালী করেন।

এতে তারেক রহমানের রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গও উঠে আসে। সেখানে বলা হয়, তিনি বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করছেন। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।

প্রতিবেদনটিতে তার ব্যক্তিগত শোক ও রাজনৈতিক প্রতিশ্রুতির প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়, তিনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার অঙ্গীকার করেছেন।

এছাড়া বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের চাপের কথাও তুলে ধরা হয়।

সবশেষে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা ও নির্বাসিত জীবন শেষে তারেক রহমান এখন দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন।

প্রতিবেদন অনুযায়ী, তিনি টাইম ম্যাগাজিনকে বলেছেন, রাজনৈতিক বিভাজন কাটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

টাইমের তালিকাটি সাধারণত বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে প্রকাশ করে। এবার লিডার ক্যাটাগরিতে তারেক রহমানের সঙ্গে আরও স্থান পেয়েছেন পোপ লিও চতুর্দশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রমুখ


নিউজটি আপডেট করেছেন : Iqbal Hossain

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Iqbal Hossain

Iqbal Hossain